চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের জান মো. সিকদারপাড়া এলাকায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মাওলানা আবুল কাশেম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম চরম্বা জামেউল উলুম দাখিল মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের চাচাতো ভাই সামশুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল কাশেমের সঙ্গে তাঁর চাচাতো ভাই সামশুল ইসলাম, হারুনুর রশিদ ও নুরুল হকের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার বিরোধপূর্ণ জায়গায় প্রতিপক্ষ ঘর নির্মাণের কাজ শুরু করলে আবুল কাশেম এতে বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি দিয়ে তাঁর মাথায় এলোপাতাড়ি আঘাত করে বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।