মতলবে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম

চাঁদপুরের মতলব উত্তরে বালুবাহী ট্রলির ধাক্কায় আক্তার হোসেন খোকন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দুপুরে সাহেব বাজার-ঠেটালিয়া বেড়িবাঁধ সড়কের সম্ভুখার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন খোকন (৪৫) উপজেলার মধ্য হানিরপাড় গ্রামের বাসিন্দা। তিনি কনজুমার ডিলারশিপ ব্যবসার সঙ্গে জড়িত।

প্রত্যক্ষদর্শী গোলাম নবী খোকন জানান, মোটরসাইকেল নিয়ে আক্তার হোসেন খোকন মতলব সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় সাহেব বাজারের দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি বালুবাহী ট্রলি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন খোকন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: আরিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রলিটি শনাক্ত করে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত