সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ মারা গেছেন

চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (৮৩)। তিনি গতকাল বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার জ্যেষ্ঠ পুত্র সাবেক এমপি মাহবুবুর রহমান রুহেল গতকাল এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, প্রথম জানাজা গতকাল বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে এবং বিকেল ৫টায় মিরসরাইয়ের মহাজনহাট স্কুল মাঠে আরও দুটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা ১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাইয়ের ধুম গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে লাহোরের প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনেই তিনি ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং পূর্ব পাকিস্তান ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে এম এ আজিজের অনুপ্রেরণায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।

দীর্ঘ ৬০ বছরের রাজনৈতিক জীবনে ইঞ্জিনিয়ার মোশাররফ ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন । চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে তিনি সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন মেয়াদে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন।