ঢাকায় ২ ইয়াবা কারখানার সন্ধান

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০২:২৪ এএম

ঢাকার কেরানীগঞ্জে ও মোহাম্মদপুরে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের দোকানের আড়ালে ইয়াবা তৈরির দুটি কারখানার সন্ধান পাওয়া গেছে। এই দুই কারখানায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিন, কাঁচামাল ও ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠু এবং কারখানার মালিক ও ইয়াবা প্রস্তুতকারী কেমিস্ট নাছির।

গতকাল সোমবার সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার নাছির প্রায় ১০ বছর ধরে চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের দোকানের আড়ালে ইয়াবার কারখানা পরিচালনা করে আসছিলেন। তিনি নিজেই ইয়াবা বানাতেন এবং দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

নয়মুল হাসান বলেন, গত রবিবার মোহাম্মদপুরের বছিলা হাউজিং এলাকায় এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা পরিবহনের প্রস্তুতি নিচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মিঠু নামে এক ইয়াবা ডিলারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১১ হাজার ৭৫৯ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে তার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিন উদ্ধার করা হয়। এরপর কেরানীগঞ্জের মদিনা মার্কেট এলাকায় আরেকটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান দিলে সেখানেও অভিযান চালায় র‌্যাব। ওই কারখানার মালিক ও ইয়াবা প্রস্তুতকারী কেমিস্ট নাছিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা তৈরির মেশিন, ১৭ কেজি কাঁচামাল ও ১৯ হাজার ৫২০ ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার ফয়সাল ওই কারখানায় উৎপাদিত ইয়াবা বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। ফয়সালের বিরুদ্ধে রাজধানীর গুলশান, তেজগাঁও, ডেমরা ও মোহাম্মদপুর থানায় চারটি মামলা রয়েছে। এই ঘটনায় আরও দুটি পৃথক মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত