১০ বছরের স্কুলিং যেন ১০ বছরই থাকে : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীর মাধ্যমিক স্তর শেষে এসএসসি ও সমমান পরীক্ষায় বসতে ১০ বছরের বেশি সময় যাতে প্রয়োজন না হয়, সেই পরিকল্পনা সরকার করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গতকাল বুধবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কিন্তু আজকে তোমাদের পরীক্ষা বিষয়ে একটি মিটিংয়ে বসব। আমরা আলোচনা করব কীভাবে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগোতে পারি।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন ১০ বছর স্কুলিং ১০ বছরেই থাকে। ১২ বছর (এইচএসসিসহ) স্কুলিং থাকে। কোনো সেশন জট যেন না হয়। তোমরা যেন পিছিয়ে না পড়। আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। শিক্ষার্থীদের স্বার্থে যেটা করার সেটাই করব। তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে।’

মন্ত্রী বলেন, ‘শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে। আজকে উন্নত বিশ্বে কী রয়েছে। আমরা এখনো সেই আমাদের সময়কার গতানুগতিকভাবেই রয়েছি। চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোনো প্রজেক্ট নেই এবং শুধু জিপিএ এ প্লাস পেলেই অভিভাবকরা সন্তুষ্ট হন। কিন্তু একবারও ভেবে দেখছেন না, তোমরা কী শিখছো কী শিখতে পারোনি।’ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন।