এ বছর এপ্রিল মাসে সারা দেশে ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত ও ১ হাজার ২৬৮ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়, এপ্রিলে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যমে প্রকাশিত তথ্য পর্যবেক্ষণ এই প্রতিবেদন তৈরি করে। তাদের মতে, প্রকৃত হতাহতের ঘটনা আরও বাড়তে পারে।
সংগঠনটির দেওয়া তথ্যমতে, এপ্রিলে নৌপথে ৫টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৪ জন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১ হাজার ২৭৯ জন আহত হয়েছে। সড়কে ১৩৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪২ জন নিহত, ১২৪ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ২৬.৩৭ শতাংশ, নিহতের ২৭.৮৪ শতাংশ ও আহতের ৯.৭৭ শতাংশ।
এপ্রিলে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে চট্টগ্রাম বিভাগে। এখানে ১৩৫টি দুর্ঘটনায় ১৩৭ জন নিহত ও ২৬৩ জন আহত হয়েছে। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে ময়মনসিংহ বিভাগে ১৭টি। দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, পরিবহন সেক্টর পরিচালনার পদ্ধতির আপাদমস্তক সংস্কার জরুরি। আমলাতন্ত্রের পরিবর্তে দেশি-বিদেশি পরিবহন বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে পরিবহন সেক্টর পরিচালনা করা গেলে পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মানুষের যাতায়াতে দুর্ভোগ নিরসন, প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যুর মিছিল থামানো সম্ভব হবে। তিনি সরকারকে পুরনো পরিবহন পরিচালনা পদ্ধতি থেকে বেরিয়ে আসার অনুরোধ জানান।