ভোলায় যৌথ অভিযানে কোটি টাকার ইলিশ জব্দ

যৌথ অভিযান চালিয়ে ভোলায় কোটি টাকার ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বুধবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সমুদ্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে কোস্ট গার্ড বেইস ভোলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে গত মঙ্গলবার রাত ১০টার দিকে ভোলা সদর উপজেলার পানপট্টি বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিনটি ট্রাক থেকে প্রায় ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১০ হাজার ১৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।