ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ

চট্টগ্রামের সাগরিকা ফ্লাইওভারে গত মঙ্গলবার ভোরে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামে এক ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে রাতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাউসারকে খুন করে ফ্লাইওভারে লাশ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীর পরিবার ও ছাত্রলীগের  নেতাকর্মীরা। তিনি নগরের আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয় ছাত্রলীগ নেতা তালুকদার পারভেজ আনসারী সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ করার অপরাধে বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা তাকে অপহরণ করে খুন করে লাশ ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছে। নগরের ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের ফেসবুক পেজে দাবি করা হয়েছে আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন কাউসার।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান, কাউসার সাগরিকা এলাকায় বিএসআরএম কারখানার একটি ডিপোর নিরাপত্তা রক্ষী ছিলেন। তিনি জানান, মঙ্গলবার ভোরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ফ্লাইওভারের মাঝামাঝিতে ঝুলছিল। গলায় কাপড় বেঁধে ফ্লাইওভারের রেলিং থেকে রাস্তার দিকে ঝুলে পড়ে ওই যুবক আত্মহত্যা করেন বলে দাবি ওসির। খুনের দাবি নাকচ করে ওসি বলেন, ‘তার শরীরে আঘাতের  কোনো চিহ্ন ছিল না। তার মা, ভাই থানায় এসে জানিয়েছেন কাউসার নেশাগ্রস্ত এবং কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ডিউটিও ভালোভাবে করতেন না। পরিবার আত্মহত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে।’ এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।