শিশুকে টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন!

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাস বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয়েছে দুই ডোজ জলাতঙ্কের র‌্যাবিক্স ভ্যাকসিন। এতে শিশুটি নিস্তেজ হয়ে পড়ছে। গতকাল বুধবার দুপুরে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম এ ভ্যাকসিন প্রয়োগ করেন। যদিও এ ভ্যাকসিন দেওয়ার কথা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর। তার পরিবর্তে পিআরএলে থাকা কাইয়ুমকে দিয়ে ভ্যাকসিন প্রয়োগ করান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ।

শিশুটির পরিবার জানায়, ফাতিহাকে নিয়মিত টিকা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন মা মৌ। সেখানে টিকা দেওয়ার কথা ছিল স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর। তার পরিবর্তে কাইয়ুম শিশুটিকে দুই ডোজ জলাতঙ্কের র‌্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগ করেন। এতে শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। প্রতিবাদ করলে খারাপ ব্যবহার করেন কাইয়ুম। এ ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তার গাফিলতিকে দায়ী করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিশুটির পরিবার। এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম দুঃখ প্রকাশ করে বলেন, ভুলবশত এমনটি হয়েছে।

ভুল স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, এটি অনাকাক্সিক্ষত ভুল। এ ভ্যাকসিন কোনো সমস্যা হবে না।