সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলি হয়েছে। গতকাল বুধবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙ্গারটেকে এই ঘটনা ঘটে। গোলাগুলির পরে ওই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত চার জেলেকে উদ্ধার করা হয়েছে। বনদস্যুদের ব্যবহৃত একটি বন্ধুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বনরক্ষীরা। উদ্ধারকৃত জেলেরা হলেন, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান, একই উপজেলার মো. হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম, দাকোপ উপজেলার ইরাক শেখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সুন্দরবনে যৌথ অভিযানের সময় অভিযানকারীরা ডাকাতের উপস্থিতির টের পায়। ডাকাতরা যেই জায়গায় অবস্থান করছিল সেই দিকে অভিযানের জন্য এগুলেই ডাকাতরা গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার জন্য অভিযানকারীরা পাল্টাগুলি ছুঁড়ে। গুলি-পাল্টাগুলির একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত চার জেলেকে পড়ে থাকতে দেখে যৌথ অভিযানকারীরা। পরে তাদের সেখান থেকে উদ্ধার করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শেলারচর টহল ফাঁড়ির সিঙ্গারটেক এলাকায় শেলারচর টহল ফাঁড়ি এবং স্মার্ট টিমের যৌথ টহল চলাকালীন ডাকাতের উপস্থিতি টের পেয়ে সেদিকে অভিযান পরিচালনা করা হয়। ডাকাতরা গুলি ছুড়লে বনকর্মীরা পাল্টা গুলি ছুড়েন। তাদের দিকে ৭ রাউন্ড গুলি ছোড়া হয়। ডাকাতরা পরে তাদের ট্রলার এবং চারজনকে জিম্মি রেখে পালিয়ে যায়। জিম্মিরা শেলারচর টহলফাঁড়ির হেফাজতে আছেন। উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বনরক্ষীদের গুলি করা দস্যুরা শরীফ বাহিনীর সদস্য বলে জানা গেছে।