বাতিল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’র মুক্তি

হাইকোর্টের দারস্থ হবেন হাসান জাহাঙ্গীর!

আগামীকাল শুক্রবার (১৫মে) অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর মুক্তির কথা ছিল। কিন্ত তার আগেই ওঠে নানা অভিযোগ। প্রশ্ন তোলেন সিনেমার অভিনেত্রী মৌসুমী ও জেবা জান্নাত। অভিযোগ ওঠে জোড়াতালি দিয়ে টেলিফিল্মকে সিনেমা বানিয়ে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নেয়া হয়েছে। 

এরকম আরও নানা প্রশ্নের মুখে পড়ে শেষমেশ সিনেমাটির মুক্তি বাতিল হয়েছে  বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। অভিনেত্রী জেবা জান্নাত–এর লিখিত অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন হাসান জাহাঙ্গীর। 

অভিযোগ ও সিনেমার মুক্তি বাতিল প্রসঙ্গে মাসুমা রহমান তানি বলেছেন, ‘শুরুতে চলচ্চিত্রটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। সে সময় এ নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরে জেবা জান্নাত লিখিত অভিযোগ করেন যে, তার সঙ্গে কাজটির জন্য নাটক হিসেবে চুক্তি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নেওয়া হলে তিনি আপত্তি জানান। সিনেমার জন্য তার সঙ্গে কোনো চুক্তি হয়নি। সেই কারণেই মুক্তির অনুমতি বাতিল করা হয়েছে।’ 

সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমার নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। তিনি হাইকোর্টে রিট করবেন জানিয়ে বলছেন, ‘আমার ছবি এরইমধ্যে ৫০ টির বেশি সিনেমা হলে বুকিং দিয়েছি। সিনেমার জন্য হল মালিকরা আগ্রহ দেখাচ্ছেন, এমন সময়ে সিনেমার মুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া মোটেও ভালো সিদ্ধান্ত হতে পারে না। আমি এখন পর্যন্ত কোনো কাগজ পাইনি। মুক্তি বাতিলের কাগজ হাতে পেলে আমি হাইকোর্টে যাব।’