আইপিএল ২০২৬ মৌসুম শেষ হওয়ার পরপরই ভারতীয় ক্রিকেটের উদীয়মান নক্ষত্র বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারত 'এ' দলে জায়গা করে নিয়েছেন বিহারের এই বাঁহাতি ব্যাটার। তিলক বর্মার নেতৃত্বে এই দলে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রিয়ান পরাগ।
গত বছর এসিসি এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের পর থেকেই সূর্যবংশীকে জাতীয় দলে নেওয়ার দাবি জোরালো হচ্ছিল। ওই টুর্নামেন্টে ৪ ম্যাচে ২৪৩.৮৭ স্ট্রাইক রেটে ২৩৯ রান করে তিনি আসরের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন। শ্রীলঙ্কা সফরে নিজেকে প্রমাণ করতে পারলে আসন্ন আয়ারল্যান্ড বা ইংল্যান্ড সফরে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে তার ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল।
দলের নেতৃত্বে থাকা তিলক বর্মা এবং রিয়ান পরাগ ইতিমধ্যেই সিনিয়র জাতীয় দলের নিয়মিত মুখ। এছাড়া অংশুল কম্বোজও ভারতের টেস্ট ক্যাপ পরেছেন। আয়ুষ বাদোনি এর আগে স্কোয়াডে ডাক পেলেও এখনো অভিষেকের অপেক্ষায় আছেন।
ভারত 'এ' স্কোয়াড:
তিলক বর্মা (অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যংশ শেজগে, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), বিপ্রাজ নিগম, যশ ঠাকুর, যুধবীর সিং, অংশুল কম্বোজ ও আরশাদ খান।