কোরবানির জন্য নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মের প্রায় ৭০০ কেজি ওজনের গোলাপি রঙের ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষ সম্প্রতি আলোচনায় আসে। মহিষটির নাম ছড়ানোর পর এবারে আলোচনায় এসেছে এলভিনো জাতের আরেক মহিষ ‘নেতানিয়াহু’। তবে এবারে নেতানিয়াহুর সঙ্গী হিসেবে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার অ্যাগ্রো ফার্মে রয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের আরেকটি মহিষ।
এসএস ক্যাটল এগ্রো ফার্মের এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পের ওজন ৭১৩ কেজি। ফার্মে ‘নেতানিয়াহু’ দাঁড়িয়ে আছে তার পাশেই। এই মহিষটির ওজন ৭৬০ কেজি। তাদের বেড়ে ওঠাও একসঙ্গে। ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ নামের মহিষ দুটিকে দেখতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থী ও ক্রেতার ভিড়।
শীতলক্ষ্যার পূর্বপাড়ে এসএস ক্যাটল অ্যাগ্রো ফার্মে বেড়ে ওঠা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ অল্প সময়েই পরিণত হয়েছে শিশুকিশোরদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এছাড়া অনেক ক্রেতাও দেখে যাচ্ছেন ট্রাম্প ও নেতানিয়াহুকে।
ফার্মের কর্মচারীরা জানান, ‘মাথার বাহারি চুলের কারণে মহিষটির নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। খামারের আরেকটি মহিষের সঙ্গে ট্রাম্পের বেশ খাতির। সেটি দেখতেও নেতানিয়াহুর মতো। তাই ট্রাম্পের সঙ্গে মিলিয়ে ওই মহিষের নাম রাখা হয়েছে নেতানিয়াহু।’
কয়েকজন দর্শনার্থী জানান, মহিষের নাম ট্রাম্প ও নেতানিয়াহু শুনে দেখতে এসেছি। দর্শনার্থীরা বলেন, মহিষগুলো দেখতে সুন্দর। এছাড়া চুলের স্টাইলের জন্য ট্রাম্প ও নেতানিয়াহুর সঙ্গেও ওদের মিল রয়েছে।
ফার্মের ম্যানেজার মেহেদী হাসান জানান, ‘‘এগুলো এলভিনো জাতের মহিষ। চুলের স্টাইলের কারণে কর্মচারীরা মহিষটির নাম রেখেছে ‘ডোনাল্ড ট্রাম্প’, আর তার পাশেরটির নাম রেখেছে নেতানিয়াহু।’’ ফার্মে বিভিন্ন নামের ও জাতের দেশি-বিদেশি গরু রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তবে ইউনিক নামের গরু-মহিষের প্রতি শিশু-কিশোর ও ক্রেতাদের আগ্রহ বেশি।’