পুলিশের ‘ক্যাশিয়ার’ তোলেন কত টাকা?

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০২:৫০ এএম

রাষ্ট্রীয় ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে থানার ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তিদের বদল হয়েছে। চাঁদার হারেও পরিবর্তন এসেছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে পুলিশের সোর্স পরিচয় দেওয়া অনেকের মধ্যে একজন ছিলেন  এক সময়ের ডাব বিক্রেতা আবদুস সবুর। এখন তিনিই চট্টগ্রামের কর্ণফুলী থানায় প্রধান ‘ক্যাশিয়ার’ হয়ে উঠেছেন।

কখনো পুলিশের ক্যাশিয়ার, কখনো গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স, আবার কখনো নৌ-পুলিশ বা কোস্ট গার্ডের প্রতিনিধি পরিচয়ে চলছে তার চাঁদাবাজি। যদিও পুলিশ কর্মকর্তারা বলছেন, থানায় ‘ক্যাশিয়ার’ নামে কোনো পদ নেই।

পুলিশের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মো. আবদুস সবুর পুরনো ব্রিজঘাট এলাকার বাসিন্দা। তার চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধির কাছে স্বীকার করেন, কর্ণফুলী থানায় চাঁদা তুলে ‘প্রতি মাসে তিন লাখ টাকা দিতে হয়’। তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে প্রতি মাসে ২৫ থেকে ২৬ লাখ টাকা পর্যন্ত উঠত। এখন ৫ লাখ টাকার বেশি ওঠে না। তার মধ্যে থানায় ৩ লাখ টাকা দিতে হয়। পুলিশের পাশাপাশি টাকার ভাগ আরও কয়েক জায়গায়ও দিতে হয় বলে তিনি দাবি করেন।

জানা গেছে, কর্ণফুলী থানায় ‘ক্যাশিয়ার’ প্রথা নতুন কিছু নয়, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে চলছে এ অবস্থা। স্থানীয় ব্যবসায়ী, জাহাজ ও ট্রলার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ব্যবহার করে ‘ক্যাশিয়ার’ চক্র মাসে লাখ লাখ টাকা আদায় করছে। তাদের অভিযোগ, পুলিশি হয়রানি থেকে বাঁচতে বাধ্য হয়ে চাঁদা দেন তারা। অবশ্য পুলিশ বলছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চব্বিশের গণঅভ্যুত্থানে দেশের পটপরিবর্তনের আগে থানার ‘ক্যাশিয়ার’ পরিচয়ে কামাল মেম্বারসহ বেশ কয়েকজন ব্যক্তি ঘাটে ঘাটে চাঁদাবাজি করতেন। ওই সময় সেই চক্রে আবদুস সবুরও সহযোগী হিসেবে ছিলেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এরপর বাদ পড়ে কামাল মেম্বার ও তার সহযোগীরা। তবে পুলিশের ঘনিষ্ঠতায় ক্ষমতাবান হয়ে ওঠেন আবদুস সবুর।

অনুসন্ধানে জানা গেছে, কর্ণফুলী নদীসংলগ্ন বিভিন্ন ঘাটে জাহাজ থেকে চোরাই তেল, স্ক্র্যাপ, গম, চিনি, কয়লা ও অন্য পণ্য পাচারের সঙ্গে জড়িতদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায়ের অভিযোগ রয়েছে। একই সঙ্গে মাদককারবার, জুয়ার আসর, অবৈধ তেল ব্যবসা এবং নদীকেন্দ্রিক বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের কাছ থেকেও নিয়মিত চাঁদা আদায় করা হয় বলে দাবি স্থানীয়দের।

একাধিক ব্যবসায়ী জানান, মাসের নির্ধারিত সময়ে চাঁদা না দিলে পুলিশি হয়রানি, মিথ্যা মামলা কিংবা ব্যবসা পরিচালনায় বাধার ভয় দেখানো হয়। এ কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে চান না। নামপ্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, ‘কর্ণফুলীতে ব্যবসা করতে হলে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হয়।

টাকা না দিলে কখন কী হয়রানির শিকার হতে হবে, সেই ভয় সব সময় কাজ করে।’

স্থানীয়দের ভাষ্য, বয়সের কারণে আবদুস সবুর আগের মতো সরাসরি না গেলেও তার পরিবর্তে সাকিব নামের এক যুবক বিভিন্ন স্থানে গিয়ে চাঁদা সংগ্রহ করেন। সাকিব স্থানীয়ভাবে সবুরের নাতি হিসেবে পরিচিত। অভিযোগ আছে, তিনি নিজেও পুলিশের সোর্স বা ক্যাশিয়ার পরিচয় দেন।

স্থানীয়দের দাবি, উপজেলার চরপাথরঘাটা, পুরাতন ব্রিজঘাট, ইছানগর, বাংলা বাজার ঘাট, বিএফডিসি গেট, শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়, শিকলবাহা, জুলধা, ফকিরনীর হাট, দারোগার হাট, ডাঙ্গারচরসহ অন্তত শতাধিক স্পট থেকে নিয়মিত এভাবে চাঁদা আদায় করা হয়।

জানতে চাইলে কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ‘আমি থানায় নতুন এসেছি। এই নামে কোনো ক্যাশিয়ার আছেন কি না, তা এই মুহূর্তে জানি না। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখব। আর যদি কেউ থানার নাম ব্যবহার করে চাঁদাবাজি করে থাকেন তাহলে তাকে আটক করে থানায় খবর দিন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক অ্যাডভোকেট আকতার কবির চৌধুরী বলেন, ‘থানায় ক্যাশিয়ার প্রথা থাকার কথা না। টাকার বিনিময়ে অবৈধ কাজকে বৈধ করা হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। তাই একজন সরকারি কর্মকর্তাকে খুবই দায়িত্বশীল হতে হয়। দুর্নীতি বন্ধ করার বদলে নিজে অনিয়ম দুর্নীতিতে জড়ালে তা ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়া উচিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত