১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৭০ টাকা

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০২:৪৯ এএম

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের সর্বোচ্চ মূল্য ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে। গতকাল রবিবার নতুন এ মূল্য ঘোষণা করা হয়। একই দিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

জুলাই মাসের তুলনায় ১২ কেজির সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়েছে। জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।

তবে বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার প্রায় ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন মূল্য কার্যকরের পর বাজারে এর দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি সিপি মূল্যের পরিবর্তনের প্রভাব বিবেচনায় ২০২৬ সালের আগস্ট মাসের জন্য বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহকৃত এলপিজির ভোক্তা পর্যায়ের সর্বোচ্চ মূল্য প্রতি কেজি ১২৯ দশমিক ৮০ টাকা এবং অটোগ্যাসের সর্বোচ্চ মূল্য প্রতি লিটার ৭৩ দশমিক ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত