ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ২০ শিশু

ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশু। গত বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এই শিশুদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত শিশুদের মধ্যে ১৩ জন মেয়ে ও ৭ জন ছেলে। তারা নড়াইল, যশোর, খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। এই শিশুদের অধিকাংশই তাদের মা-বাবার সঙ্গে জেলে ছিল। শিশুদের সাজার মেয়াদ শেষ হলেও মা-বাবার সাজার মেয়াদ শেষ হয়নি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি শাখাওয়াত হোসেন জানান, ‘২০২৪ সালের শুরুতে অবৈধপথে দালালের মাধ্যমে তারা বাবা-মায়ের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে গিয়েছিল। সেখানে তাদের বাবা-মা বাসাবাড়িতে ও মাঠে কাজ করতেন। ২০২৫ সালের ডিসেম্বরে তারা পুলিশের হাতে আটক হলে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়। সাজা শেষে দেশটির একটি মানবাধিকার সংস্থার আবেদনে এই শিশুদের আশ্রয় হয় পশ্চিমবঙ্গের কিশোলয়া-সুরকন্যাসহ ৭টি শেল্টারহোমে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতা এবং বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার সন্ধ্যায় তারা দেশে ফেরে।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর নামে তিনটি মানবাধিকার সংস্থার কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। সংস্থাগুলো ভারত ফেরত শিশুদের তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে।’