অক্সিজেন খুলে নেওয়ার অভিযোগ

শেবাচিমে রোগীর মৃত্যুর ঘটনায় কর্মচারী বরখাস্ত

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, এক কর্মচারী অক্সিজেন খুলে নেওয়ার পর দিপালী সিকদার নামে ওই রোগীর মৃত্যু হয়। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মচারী সোহেলকে সাময়িক বরখাস্ত করেছে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। নিহত দিপালী সিকদার মেহেন্দিগঞ্জের পূর্ব খরকি গ্রামের বাসিন্দা এবং শংকর শিকদারের স্ত্রী।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, গত বুধবার বিকেল ৩টার দিকে শ্বাসকষ্ট নিয়ে দিপালীকে শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে হাসপাতালের করোনা ভবনের মেডিসিন ইউনিটে স্থানান্তর করেন এবং জরুরি ভিত্তিতে অক্সিজেন সাপোর্ট দেওয়ার নির্দেশ দেন। শয্যা সংকটের কারণে তাকে একটি ট্রলিতে রেখেই অক্সিজেন দেওয়া হচ্ছিল।

দিপালীর ভাই মিলন হাওলাদার অভিযোগ করেন, ‘মেডিসিন ইউনিট-১ এর কর্মচারী সোহেল পাশের এক রোগীর স্বজনদের কাছ থেকে ২০০ টাকা নিয়ে ট্রলিটি অন্য রোগীর জন্য সরিয়ে নিতে চান এবং দিপালীর অক্সিজেন সংযোগ খুলে দেন। আমরা বাধা দিলেও শোনেনি। অক্সিজেন খোলার কিছুক্ষণের মধ্যেই আমার বোন মারা যায়।’ তবে অভিযুক্ত কর্মচারী সোহেলের বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করছে।

ঘটনার পর দিপালীর স্বজনদের সঙ্গে হাসপাতালের কয়েকজন কর্মচারীর বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আনসার সদস্য ও হাসপাতাল প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউর মনিব বলেন, ‘অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’