সোনারগাঁয়ে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা (জেইআরএ) মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শঙ্কর রোজারিও (২৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ছিলেন ওই ক্যান্টিনের কর্মচারী। এই ঘটনায় আরও ১১ জন দগ্ধ হয়েছেন। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ‘শংকরের শরীরের প্রায় ৪৬ শতাংশ এবং তার শ্বাসনালীও দগ্ধ হয়েছিল।’

তিনি আরও জানান, ‘দগ্ধদের মধ্যে আরও পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ গত বুধবার দুপুরে সোনারগাঁওয়ের বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে দুপুরে খাবার খাওয়ার সময় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়। পরে দগ্ধ ১২ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মকর্তা-কর্মচারীরা খাবার খাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে।

এদিকে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।