ফারাক্কা লংমার্চ বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ। নদীমাতৃক বাংলাদেশ। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, সুরমা, তিস্তা, বরাকসহ অসংখ্য ছোট-বড় নদ-নদী বাংলাদেশকে জালের মতো ছেয়ে রেখেছে। বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত ৫৮টি আন্তর্জাতিক নদীর ৫৫টির উৎপত্তি হিমালয়সহ ভারতের অন্যান্য উৎস থেকে। বাংলাদেশের মিঠা পানির মাত্র ৭ ভাগ পাওয়া যায় এখানকার বৃষ্টির পানি থেকে আর ৯৩ ভাগ আসে সীমান্তের ওপার থেকে বৃষ্টি ও বরফ গলানোর ফলে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত হয় লাল-সবুজ পতাকার স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। নদীমাতৃক এই বাংলাদেশ আজ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। ভারতের অব্যাহত পানি-সীমান্ত-সাংস্কৃতিক আগ্রাসনের কারণে বাংলাদেশ আজ তার স্বাধীন অস্তিত্ব¡ নিয়ে টিকে থাকবে কিনা সে প্রশ্ন দেখা দিয়েছে। আর তাদের আগ্রাসনের পক্ষে কাজ করছে শাসকগোষ্ঠীর ভেতর লুকিয়ে থাকা তাদেরই এ দেশীয় এজেন্টরা।
পানি নেই। পানিশূন্য আজ পদ্মা। এক সময়ের প্রমত্ত পদ্মা আজ ধু-ধু মরুভূমি। এর কারণই হচ্ছে ফারাক্কা। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা। বাংলাদেশের রাজশাহী সীমান্তে এসে পদ্মা নাম ধারণ করে দেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। ভারত গঙ্গার পানি উত্তর প্রদেশ এবং বিহার প্রদেশে সেচ কাজের জন্য ক্রমবর্ধমান হারে প্রত্যাহার করায় পশ্চিমবঙ্গে ভাগীরথী-হুগলি নদীর পানি প্রবাহ কমে আসে। সেজন্য ভারত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা বন্দরের নাব্য বাড়ানোর জন্য বাংলাদেশের সীমানার ১০ কিলোমিটার উজানে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা নামক স্থানে বাঁধ দিয়েছে। এই বাঁধের প্রথম পরিকল্পনা করা হয়েছিল ১৯৫১ সালে। যদিও ১৯৬১ সালের পর জানা যায় যে, ভারত ফারাক্কা বাঁধ নির্মাণকাজ শুরু করেছে। ১৯৭৪ সালের মধ্যে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ সমাপ্ত করে। মরহুম জিয়াউর রহমানের সরকারের সময় ১৯৭৭ সালে একটি চুক্তি হয়েছিল এবং ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারের সময় একটি পানি চুক্তি সম্পাদন করেছে। ভারত-বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ৪১ দিনের জন্য ফারাক্কা বাঁধ চালু করলেও সেই সময় মনে হয় আজও অতিবাহিত হয়নি। শুরু হয় বাংলাদেশের দুর্দশা। পানির অভাবে ধীরে ধীরে প্রমত্তা পদ্মা হয়ে ওঠে ধু-ধু বালুচর। ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি মানুষ। বাংলাদেশের উত্তরাঞ্চল ক্রমান্বয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে। বাঁধ চালুর আগে বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজের কাছে শুষ্ক মৌসুমে পদ্মার পানির প্রবাহ থাকত প্রায় ৭৪ হাজার কিউসেক। বাঁধের পর পদ্মার গড়ে বছরে প্রায় ৩০-৩৫ হাজার কিউসেক পানি প্রবাহ হতো। জাতিসংঘের সাবেক পানি বিশেষজ্ঞ ড. এসআই খানের মতে, ফারাক্কা বাঁধের আগে গঙ্গা হয়ে পদ্মায় গড়ে বছরে যে ৫২৫ বিলিয়ন কিউবিক মিটার পানি প্রবাহিত হতো, ফারাক্কা বাঁধ ও ভারতের বিভিন্ন প্রদেশে পানি সরিয়ে নেওয়ার ফলে এখন বাংলাদেশে আসে মাত্র ২০৭ বিলিয়ন কিউবিক মিটার পানি। বলা যেতে পারে, প্রায় ৬০ ভাগেরও বেশি পানি ফারাক্কার মাধ্যমে ভারত সরিয়ে নিচ্ছে। এর কারণে বছরজুড়ে পদ্মা নদী দিয়ে পলি আসে না। আবার বর্ষাকালে যখন পানি একেবারে ছেড়ে দেয় তখন অনেক বেশি পলি পড়ে, সেই পলি সমুদ্র পর্যন্ত যেতে পারে না। এভাবেই পদ্মা ধীরে ধীরে ধু-ধু বালুচর এবং বিরানভূমি হয়ে যাচ্ছে, যা মরুভূমিতে পরিণত হওয়ার প্রাথমিক পর্যায়ে।
ভারত উজানের রাষ্ট্র হিসেবে ভাটির বাংলাদেশের সঙ্গে সৎ-প্রতিবেশী হিসেবে আচরণ করতে ব্যর্থ হয়েছে। ফারাক্কা সমস্যা সমাধানে ব্যর্থ সরকারগুলো টিপাইমুখ বাঁধ নির্মাণের পক্ষে দেশের স্বার্থবিরোধী ওকালতি করছে। যে সরকার ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না, দেশের জনগণের কল্যাণ ও জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। ফারাক্কা লংমার্চ শেষে কানুপুর ঘাটের জনসভায় ভাসানী বলেন, ‘আজ আমরা এসেছি পদ্মার তীরে, দেশের প্রাণ এ নদীর জন্য। ভারত আমাদের পানি কেড়ে নিচ্ছে, আমাদের কৃষককে মেরে ফেলছে, আমাদের জমিকে শুকিয়ে মরুভূমি বানাচ্ছে।’ সেই কণ্ঠ, সেই ভাষণ, সেই মার্চ এগুলো শুধুই প্রতিবাদের ছিল না, ছিল আত্মমর্যাদার এক মহামিছিল। ছিল জন্মভূমির প্রতি অঙ্গীকার, ছিল রাষ্ট্রীয় অধিকার রক্ষার এক অগ্নিশপথ। ভাসানীর নেতৃত্বে এই লংমার্চ ছিল জল ও জীবন রক্ষার জন্য এক পবিত্র সংগ্রাম। তার মুখে যখন উচ্চারিত হয়, ‘আমরা ভিক্ষা চাই না, অধিকার চাই’, তখন তা হয়ে ওঠে এক স্বাধীন জাতির আভিজাত্য ও সাহসের প্রতীক। ফারাক্কা, টিপাইমুখসহ ভারতের অব্যাহত পানি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প আছে কি? ভারত মূলত দুটি উদ্দেশ্যে পানি আগ্রাসন অব্যাহত রেখেছে। এর একটি হচ্ছে রাজনৈতিক কারণে পানিকে ব্যবহার করা আর রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ব্যর্থ ও প- রাষ্ট্রে পরিণত করা। ভারতের পানি আগ্রাসন রুখতে হলে, পানি অধিকার প্রতিষ্ঠিত করতে হলে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, সব রাজনীতি ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে। দেশের জনগণের ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে। আজকের তরুণ প্রজন্মের জন্য ফারাক্কা লংমার্চ কেবল একটি আন্দোলনের নাম নয়, এটি হলো এক জীবন্ত ইতিহাস, এক অদম্য চেতনা, যা শেখায় কীভাবে একজন মানুষ পুরো জাতিকে পথে নামাতে পারে। কীভাবে সাহস, নেতৃত্ব ও ভালোবাসা দিয়ে বদলে দেওয়া যায় একটি জাতির ভাগ্যের গতিপথ। মওলানা ভাসানী দেখিয়ে দিয়েছেন প্রকৃত নেতা হতে হলে বয়স নয়, প্রয়োজন হয় সাহসের; প্রয়োজন হয় সত্যের প্রতি অটল বিশ্বাস আর মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। এখন সময় এসেছে ভাসানীর মতো করে আবার বলার, ‘আমরা শান্তি চাই, পানি চাই। যদি তা না পাই, আমাদের হিস্যা আমরা বুঝে নেব! অন্যদিকে ভারতের অব্যাহত পানি আগ্রাসনের বিষয়ে বিশ্ববাসীকে অবহিত করার জন্য পানি আন্দোলনকে আরও বেগবান ও ফলপ্রসূ করতে হবে। এ জন্য দেশে ও বিদেশে অবস্থানরত প্রত্যেক বাংলাদেশির এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে এবং দাবি করতে হবে নদী বাঁচাও, দেশ বাঁচাও, বাংলাদেশ বাঁচাও। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসে গভীর শ্রদ্ধার সঙ্গে করি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে।
লেখক: কলাম লেখক ও রাজনৈতিক বিশ্লেষক
gmbhuiyan@gmail.com