সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত হেরা কালচারাল ডিস্ট্রিক্টে বিভিন্ন দেশের হজযাত্রীদের ভিড় ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবার (১৪ মে) সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, ইসলামি ঐতিহ্য, ওহির ইতিহাস এবং মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী সম্পর্কে জানার আগ্রহ থেকেই হজযাত্রীরা সেখানে ভ্রমণ করছেন। বিশেষ করে, হজ মৌসুমকে সামনে রেখে কর্তৃপক্ষ দর্শনার্থীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন ও আধুনিক উপস্থাপনার ব্যবস্থা করেছে।
হেরা কালচারাল ডিস্ট্রিক্টের অন্যতম প্রধান আকর্ষণ হলো পবিত্র কোরআন জাদুঘর। এটিই প্রথম জাদুঘর, যা সম্পূর্ণভাবে পবিত্র কোরআনের ইতিহাস এবং এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে।
এখানে দর্শনার্থীরা অত্যন্ত বিরল ও প্রাচীন পাণ্ডুলিপি এবং ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার সুযোগ পাচ্ছেন। আধুনিক ডিজিটাল ডিসপ্লে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কোরআনের শাশ্বত বাণী এবং এর সংকলনের দীর্ঘ ইতিহাসকে এখানে দর্শনার্থীদের সামনে অত্যন্ত আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
হেরা কালচারাল ডিস্ট্রিক্টের আরেকটি বিশেষ দিক হলো, ওহি প্রদর্শনী। এখানে অত্যাধুনিক অডিও এবং ভিজ্যুয়াল প্রযুক্তি ব্যবহার করে হেরা গুহায় ওহি অবতরণের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিভিন্ন পর্যায়গুলো দেখানো হচ্ছে।
এই ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতার মাধ্যমে দর্শনার্থীরা ইসলামের সূচনালগ্নের সেই পরিবেশ সম্পর্কে সরাসরি অনুধাবন করতে পারছেন। ওহি অবতরণের এই বর্ণনায় পবিত্র কোরআনের সুরা আলাকের ১ থেকে ৫ নম্বর আয়াতের প্রেক্ষাপট ও গুরুত্ব এখানে বিশেষ মর্যাদায় উপস্থাপন করা হয়।
এছাড়া এই সাংস্কৃতিক কেন্দ্রে নিয়মিত বিভিন্ন ধরনের শিক্ষামূলক কর্মশালা, সাংস্কৃতিক কর্মসূচি এবং বিশেষ মৌসুমী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা এটিকে একটি প্রাণবন্ত জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত করেছে।
আধুনিক শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে ঐতিহাসিক সচেতনতা বৃদ্ধি এবং ইসলামি ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে সঠিকভাবে তুলে ধরার এই উদ্যোগ হজযাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।