মিনায় হজযাত্রীদের জন্য আধুনিক আবাসন ব্যবস্থা

মক্কার পবিত্র মিনা অঞ্চলে হাজিদের জন্য আধুনিক আবাসন ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কিদানা ডেভেলপমেন্ট কোম্পানি ‘রাবিয়াহ কিদানা’ প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ সফলভাবে শেষ করেছে, যা চলতি হজ মৌসুমে পূর্ণ সক্ষমতায় চালু হবে। 

৩৩ হাজার বর্গমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত আটটি আধুনিক ভবনের সমন্বয়ে এই আবাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যাতে হাজিদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও ভিড় ব্যবস্থাপনা সহজ হয়।

কিদানা ডেভেলপমেন্ট কোম্পানি, হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ইথরা হসপিটালিটি হোল্ডিংয়ের সহযোগিতায় এই বড় উদ্যোগটি বাস্তবায়ন হয়েছে। এই উন্নয়নের মূল লক্ষ্য হলো পবিত্র স্থানগুলোতে সীমিত জায়গার দক্ষ ব্যবহার নিশ্চিত করা এবং হাজিদের জন্য উন্নতমানের ও আধুনিক আবাসিক পরিবেশ বজায় রাখা। 

প্রকল্পের প্রথম ধাপে তিনটি ভবন নির্মাণের পর ২০২৫ সালের হজে এর ৩৭ শতাংশ কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমানে দ্বিতীয় ধাপের কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ায় ২০২৬ সালের হজের সময় হাজিরা এই প্রকল্পের সম্পূর্ণ সুবিধা উপভোগ করতে পারবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, নতুন এই অবকাঠামো হাজিদের যাতায়াত ও চলাচলের ক্ষেত্রে আরও শৃঙ্খলা আনবে এবং সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে।