নিউজ যাচাইয়ের বিষয়ে যা বললেন আজহারী

আপডেট : ১৫ মে ২০২৬, ০৩:২৪ পিএম

তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব, অপপ্রচার ও ভুয়া খবর যেন প্রতিদিনের বাস্তবতায় পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত বিস্তারের কারণে যাচাই না করেই একের পর এক তথ্য ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। এতে যেমন বিভ্রান্তি তৈরি হচ্ছে, তেমনি ভাঙছে সম্পর্ক, নষ্ট হচ্ছে পারিবারিক ও সামাজিক বন্ধন। এমন প্রেক্ষাপটে সংবাদ বা তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে সচেতনতার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। 

সম্প্রতি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক ভিডিও বার্তায় বলেন-

নিউজ একটা শুনলেই বিশ্বাস করা যাবে না। এটাকে ভেরিফাই করতে হবে। নিউজটা সঠিক কি না, আপনাকে ক্রস চেক করতে হবে। শুনলেই বিশ্বাস করা যাবে না। আল্লাহ তায়ালা বলেছেন, ‘ইয়া আইয়্যুহাল্লাজিনা আমানু ইন জা-আকুম ফাসিকুম বিনাবায়িন ফাতাবায়্যানু...’ অর্থাৎ হে বিশ্বাসীরা! কোনো পাপাচারী যদি কোনো নিউজ নিয়ে আসে, বিশ্বাস করার আগে নিউজটা যাচাই করে নিও।

‘আন তুসিবু কাওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফায়ালতুম নাদিমিন’। অর্থাৎ যদি তোমরা বিশ্বাস করে ফেলো, তাহলে কোনো কওমের ওপর হয়তো এমন ডিসিশন নিয়ে নিতে পারো, যে ডিসিশনের কারণে পরে তোমাদেরকে পস্তাতে হতে পারে। (সুরা হুজুরাত, আয়াত ৬)

এটা বর্তমান সময়ের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক। এত এত রিউমারস, এত ফেক নিউজ সোশ্যাল মিডিয়াগুলোতে, ইভেন মেইনস্ট্রিম মিডিয়াও যা প্রচার করে সব যে আপনি বিশ্বাস করতে পারবেন তা না, ওটাও একটু ক্রস চেক করে নিতে হবে। কারণ তাদেরও কিছু প্রোপাগান্ডা থাকে। সো, আপনার চোখ-কান খোলা রেখে অনেকগুলো নিউজ একসাথে মিলিয়ে তারপরে বিশ্বাস করতে হবে।

কিন্তু আমাদের সরলমনা অনেক ভাইদের যেটা হয়, ফেসবুকে একটা কিছু দেখে আমরা মনে করি যে এটা সঠিক। ফলে কী করি? শেয়ার দিয়ে ফেলি। আবার আপনার বন্ধুরা শেয়ার দেয়। ফলে মুহূর্তে একটা রিউমার, একটা গুজব ছড়িয়ে পড়ে সমাজে। কিন্তু আদতে এটার সাথে কোনো মিলই নেই বাস্তবতার।

ইসলাম কত সুন্দর! একটা নিউজকে ভেরিফাই করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে ‘ফাতাবায়্যানু’, মানে ক্রস চেক করো। যত মেইনস্ট্রিম মিডিয়া হোক, ওটা শুনলে আপনি আরও কয়েকটা, আরও আপনার সোর্স থেকে আপনি একটু জানবেন, এরপরে আপনি বিশ্বাস করবেন। 

আপনি কি জানেন, একটা কথা শুনেই ক্রস চেক না করে অ্যাকশনে যাওয়াতে কত পরিবার ভেঙে যায়? কত সম্পর্ক ভেঙে যায়? আমাদের মধ্যে এই প্রবণতা আছে। আপনার ছেলের ব্যাপারে একজনের একটা কথা বলল, এসেই ছেলেরে মারপিট। জিজ্ঞাসাও করেন নাই এটা। আপনার মেয়ের ব্যাপারে একজন এসে একটা বাজে কথা বলল, এসেই আপনি মেয়ের সাথে খারাপ আচরণ। আপনার ওয়াইফের ব্যাপারে একজন বলল ভাই! ভাবিকে তো দেখলাম ওইখানে অন্য একজনের সাথে। আপনি এসেই আপনার স্ত্রীর ওপর চড়াও অথবা গায়ে হাত তুললেন। তো হতে পারে যে ওই ভদ্রলোক অন্য কোনো মহিলাকে দেখেছে, যে দেখতে আপনার স্ত্রীর মতো, এরকম হতে পারে কি পারে না বলেন? এই যে আপনি ক্রস চেক না করে, ভেরিফাই না করে যে অ্যাকশনে গেলেন এতে সমস্যা হবে না সমাজে? পরিবার ভাঙে, সমাজে সম্পর্ক নষ্ট হয়, কলহ বাঁধে।

আমরা প্রত্যেকেই দায়িত্বশীল হলেই গুজবগুলো স্প্রেড করা থেকে আমরা বিরত থাকতে পারি। নিউজ শুনলেই আমরা এখন বিশ্বাস করব না, আগে ক্রস চেক করে নিব। তা না হলে আমরা বিপদে পড়তে পারি। এমন কোনো কাজ করে ফেলতে পারি, যেটার কারণে পরে লজ্জিত হবো। তাই আমরা আগে যাচাই করব।

শ্রুতিলিখন: আতিকুর রহমান

×
সর্বশেষ সর্বাধিক পঠিত