অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে নাবলুস এলাকার আল-লেবেন শহরে, যেখানে ইসরায়েলি সেনারা অভিযান চালায়। শুক্রবার (১৫ মে) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।
প্রতিবেদনে বলা হয়, নিহত কিশোর ফাহদ জেইদান উয়াইসের মরদেহ সেনারা আটকে রাখে এবং ঘটনাস্থলে রেড ক্রিসেন্টের টিমকে প্রবেশ করতে দেওয়া হয়নি। গত বুধবার (১৩ মে) রামাল্লাহর সিনজিল এলাকায় পাথর নিক্ষেপের অভিযোগে দুই কিশোরকে (১৬ ও ১৭ বছর বয়সী) গুলি করে হত্যার ঘটনাও ঘটে। এরপর থেকেই পশ্চিম তীরে সহিংসতা আরও বেড়েছে।
এদিকে জিবিয়া এলাকায় বসতি স্থাপনকারী ইসরায়েলিরা একটি মসজিদ ও কয়েকটি ফিলিস্তিনি গাড়িতে আগুন দিয়েছে এবং দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখেছে বলে অভিযোগ করেছে ওয়াফা। ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয় এসব হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ফিলিস্তিনিদের ভয়ভীতি দেখানো ও তাদের ধর্মীয় স্থাপনায় আঘাতের একটি “পদ্ধতিগত নীতি”র অংশ। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সমালোচনাও করেছে। মন্ত্রণালয় ফিলিস্তিনিদের মসজিদে উপস্থিত থেকে উপাসনালয় রক্ষার আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসেই পশ্চিম তীরে ১,৬৩৭টি হামলার ঘটনা ঘটেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ১,১৫৫ ফিলিস্তিনি নিহত, ১১ হাজারের বেশি আহত এবং প্রায় ২২ হাজার মানুষকে আটক করা হয়েছে।