মৃত্যুর পূর্বমুহূর্তে মস্তিষ্কে কী হয়?

কেউ যখন মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যায়, তখন মস্তিষ্কে কী ঘটে, এ রহস্য সাধারণ মানুষ থেকে শুরু করে দীর্ঘ বছর বিজ্ঞানীদের ভাবিয়েছে। সম্প্রতি তারা গবেষণার উত্তর খুঁজতে চেষ্টা করছেন। সেখানে যে ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে, তা মৃত্যুর ঠিক আগ মুহূর্তের রহস্য উদঘাটনে নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছে। ‘এনহ্যান্সড ইন্টারপ্লে অব নিউরোনাল কোহেরেন্স অ্যান্ড কাপলিং ইন দ্য ডাইং হিউম্যান ব্রেন’ শিরোনামের গবেষণাটি সম্প্রতি ফ্রন্টিয়ার্স ইন এজিং নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। তারা বলছেন মৃত্যু মুহূর্তে মস্তিষ্ক দ্রুত জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে স্মরণ করতে পারে। অনেকে জানিয়েছেন জীবনের খণ্ডচিত্রগুলো চোখের সামনে একের পর এক ভেসে ওঠার অভিজ্ঞতা। তখন মস্তিষ্ক এমন মস্তিষ্কতরঙ্গ তৈরি করে, যা স্মৃতি পুনরুদ্ধারের সঙ্গে সম্পর্কিত। এটি এমন প্রক্রিয়া, যা প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে আসা মানুষের অভিজ্ঞতার মতো বলেছেন গবেষণার অন্যতম প্রধান গবেষক ড. আজমল জেমার। গবেষকরা দেখেন, হৃদস্পন্দন বন্ধ হওয়ার আগের ৩০ সেকেন্ড এবং পরবর্তী ৩০ সেকেন্ড সময়ের মধ্যে মস্তিষ্কে উল্লেখযোগ্য পরিবর্তন হয়। তখন মস্তিষ্কতরঙ্গে পরিবর্তন আসে। বিশেষ করে, গামা তরঙ্গে। গবেষণায় আলফা, বিটা, গামা, থিটা ও ডেল্টা তরঙ্গের পরিবর্তন ধরা পড়েছে। গবেষণার ফলাফল থেকে বোঝা যায়, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মস্তিষ্ক অতীতের গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো রিক্যাপ বা স্মরণ করতে পারে যা অনেক সময় মৃত্যুর আগের মুহূর্তের অভিজ্ঞতা হিসেবে ব্যাখ্যা করা হয়। এ রকম গবেষণা নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিজ্ঞানীদের কাছে বিষয়টি মৃত্যুরহস্য উন্মোচনে, জটিল ভাবনা তৈরি করেছে।