মাঠে ঘুড়ি ওড়াচ্ছে সবাই। তুলতুলের পাশে দাঁড়িয়ে রাতুল সব দেখছে। আকাশে রঙিন রঙিন ঘুড়ি দেখতে রাতুলের কী যে ভালো লাগছে। তুলতুলের ছোট ভাই রাতুল।
হঠাৎই ছুটতে ছুটতে এলো ছোট মামা। তার হাতে এই বড় একটা ঘুড়ি। ছোট মামা বড় ঘুড়িটা ফড়ফড় করে আকাশে উড়িয়ে দিল। একটা মাছের শরীর যেন মামার ঘুড়িটা। রাতুল ঘুড়িটা গুনলো।
১টা ঘুড়ি।
তারপরই উড়লো চশমা পরা মিতুর ঘুড়ি। রাতুল গুনলো।
১টা ঘুড়ি আর ১টা ঘুড়ি। ১ আর ১-এ মোট ২টা ঘুড়ি।
এরপর আকাশে উড়লো টলটলের ঘুড়ি।
২টা ঘুড়ি আর ১টা ঘুড়ি। ২ আর ১-এ মোট ৩টা ঘুড়ি।
এবার উড়লো তুলতুলের লাল ঘুড়ি। রাতুল গুনলো।
৩টা ঘুড়ি আর ১টা ঘুড়ি। ৩ আর ১-এ মোট... মোট... উমহু, রাতুল আর গুনতেই পারল না। সে পড়লো মহাচিন্তায়। ৩ আর ১ মিলে কত হয়?
প্রশ্ন! প্রশ্ন! প্রশ্ন!
৩ আর ১ মিলে কত হয়, কেউ জানো?
তুলতুল বলল, জানি তো। তুই পারিস না আর গুনতে?
কী যে বলবে রাতুল। খুব লজ্জা লাগলো তার। ইশকুলে সে এখনো ভর্তিই হয়নি। মা যদিও পড়তে বসায়। তবে এখনো কি অত যোগ শিখেছে নাকি সে?
তুলতুল বললো, চিন্তা নেই ভাই। আমি তোকে বলছি.. ৩ আর ১ যোগ হলে হয়... ৪!
৪?
রাতুল তালি দিয়ে উঠলো খুশিতে। রবার রাতুল আবার আকাশে ঘুড়ি গুনলো। ১টা ঘুড়ি, ২টা ঘুড়ি, ৩টা ঘুড়ি, ৪টা ঘুড়ি! কত্ত ঘুড়ির ওড়াউড়ি!
কিন্তু এ কী!
ঠিক এ সময়েই যে ছোট মামার ঘুড়িটা কেটে দিল চশমা পরা মিতু।
কাটা ঘুড়ি ঘুরতে ঘুরতে উড়তে উড়তে হেলতে দুলতে পড়লো একদম মাটিতে।
রাতুল তো অবাক। ৪টা ঘুড়ি থেকে একটা নাই আকাশে?
তুলতুল বললো, মজা না ভাই? দেখ, ৪টা থেকে একটা হলো বাদ। মানে ১টা হলো বিয়োগ! ৪ থেকে ১ বাদ দিলে থাকে...
রাতুল তাড়াতাড়ি বলে উঠলো, আমি বলছি আমি বলছি!
এরপরই রাতুল আবার আকাশের ঘুড়িগুলো গুনল-- ১,২,৩!
আর গুনেই লাফিয়ে উঠে রাতুল বললো, পেয়েছি পেয়েছি। ৪টা থেকে ১টা বিয়োগ হলে থাকে ৩।
তখনই কিন্তু চশমা পরা মিতুর ঘুড়িটা দিল কেটে টলটল। তার ঘুড়িটাও ঘুরতে ঘুরতে উড়তে উড়তে হেলতে দুলতে পড়লো মাটিতে।
রাতুল আবার গুনলো আকাশে থাকা ঘুড়ি--- ৩ থেকে ১টা ঘুড়ি নাই। থাকল ঘুড়ি... ১ আর ১! মানে ২টা!
তক্ষুনি উঠলো অনেক জোরে বাতাস। বাতাসের তোড়ে বাকি দুইটা ঘুড়ি সুতো কেটে সাঁই করে চলে গেল কোথায় যেন।
রাতুল বললো, হায় হায়! কোনো ঘুড়িই তো নাই... নাই নাই নাই! তাহলে আমি এখন কী গুনব?
আরে! বাতাসের তোরে তো এবার আকাশে পেজা পেজা মেঘ ভেসে আসছে। রাতুল বললো, দারুণ মজা, আমি এখন ঘুড়ি না, মেঘ গুনব, মেঘ...
১টা মেঘ
২টা মেঘ
৩টা মেঘ
৪টা মেঘ...
অনেক অনেক অনেক মেঘ। আঁধার হয়ে আসছে। এবার চলো বাড়িতে যেতে হবে।