গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় আরও এক শিশুকে হেফাজতে নিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত প্রায় ১টার দিকে তাকে হেফাজতে নেওয়া হয়।
গতকাল শুক্রবার যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, হেফাজতে নেওয়া শিশুকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপর আরও এক শিশুকে আটক করা হয়েছিল। এ নিয়ে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, ঘটনার দিন সন্ধ্যায় খুনের শিকার মাহিম কয়েকজন বন্ধুর সঙ্গে ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলোচনার জন্য যাত্রাবাড়ীর কাজলারপাড় স্কুল গলিতে সিনিয়র ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়। তাকে না পেয়ে ফেরার পথে তিন কিশোরসহ অজ্ঞাতনামা কয়েকজন তাদের পথরোধ করে। ভিকটিম পথরোধের কারণ জিজ্ঞাসা করলে একজন কিশোর বলে ওঠে, ‘তুই জানি ওই দিন কী কইছিলি?’ এরপরই তারা ভিকটিমকে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং চাকু দিয়ে কুপিয়ে জখম করে। বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন।