রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে ক্যাম্পাসে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘নারী উদ্যোক্তা মেলা’ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই মেলার শুরু হয়। নারী শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা এবং ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করতেই এই ব্যতিক্রমী মেলার আয়োজন করে রাকসুর মহিলা বিষয়ক বিভাগ ও ছাত্রী হল সংসদ। এবারের মেলায় মোট ৪২টি স্টলে ৪২ জন নারী উদ্যোক্তা নিজেদের তৈরি ও উদ্ভাবিত বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন। এসব দোকানের আবার ‘কুঞ্জবাটিক’, ‘সুতোরী’, ‘তরিত্র’, ‘ইউনিক কক্স কালেকশন’, ‘বারাকাহ প্রোডাক্টস’-এর মতো বাহারি নামকরণ করা হয়।
আয়োজন সম্পর্কে রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘নারী শিক্ষার্থীদের নিয়েই আমাদের এই আয়োজন। একজন শিক্ষার্থী হিসেবে পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার পথে তাদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের সেই উদ্যমকে উৎসাহিত করতেই রাকসুর এই প্রয়াস। রাকসুর মহিলা বিভাগের এই উদ্যোগ নারীদের আরও অনুপ্রাণিত করবে।’
রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফছা বলেন, রাকসুর মহিলা বিষয়ক বিভাগ ও নারী হল সংসদের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ে আগে অনেক মেলা হলেও শিক্ষার্থীদের নিয়ে এমন উদ্যোক্তা মেলা এবারই প্রথম। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহা. মাঈন উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান প্রমুখ।