বর্ষার আগেই নৌকা তৈরির ধুম

বর্ষা মৌসুম আসার আগেই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকাগুলোতে নতুন নৌকা কেনা, তৈরি ও পুরনো নৌকা মেরামতের ধুম পড়েছে। মেঘনা ও ধনাগোদা নদী তীরবর্তী এলাকা উপজেলার বাংলাবাজার, কালির বাজার কালিপুর, নন্দলালপুর, চরপাথালিয়া, আমিরাবাদসহ উপজেলার ফরাজিকান্দি, মোহনপুর, এখলাসপুর তিনটি ইউনিয়নের রয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল। এসব চরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিকাজ ও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছে বছরের পর বছর। এসব চর এলাকা থেকে বিভিন্ন কৃষিজাত ফসলাদি, বিভিন্ন হাটবাজারে আনা-নেওয়ার লোকজন পারাপার এবং মাছ শিকারের একমাত্র বাহন এই নৌকা। তাই প্রায় সারা বছরই এসব চরাঞ্চলের মানুষ নৌকার ওপরে নির্ভরশীল হয়ে পড়ায় এদের প্রয়োজন হয় ছোট-বড় সব ধরনের নৌকা। এবারও চরাঞ্চলসহ বিভিন্ন নদী তীরবর্তী এলাকার অনেকেই বিভিন্ন হাট থেকে ছোট ছোট ডিঙ্গি নৌকা কেনাসহ বড় সাইজের নতুন নৌকা তৈরি এবং পুরনো নৌকাগুলো মেরামত কাজে ব্যস্ত সময় পার করছে।

উপজেলার বাংলাবাজার এলাকার নৌকা ব্যবসায়ী রঞ্জন দাস বলেন, বর্ষা আসার মাস দুয়েক আগে থেকেই আমাদের ব্যস্ততা বেড়ে যায়। বিশেষ করে মেহগনি, কড়ই এবং চাম্বল কাঠের নৌকার চাহিদা এবার সবচেয়ে বেশি। ছোট ডিঙি নৌকাগুলো মানুষ বেশি কিনছে, কারণ এগুলো বর্ষায় মাছ ধরা বা যাতায়াতের জন্য সুবিধাজনক। তবে কাঠ আর লোহার সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় নৌকার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ এসে নৌকার অর্ডার দিচ্ছে, কারিগররা দিনরাত কাজ করেও সামাল দিতে হিমশিম খাচ্ছে।

উপজেলার রাহেরচর গ্রামের বাসিন্দা কবির হোসেন বলেন, বর্ষা মৌসুমের আগেই প্রতি বছর এ সময়ে নৌকা তৈরি, মেরামত করা এবং নতুন নৌকা কেনার হিড়িক পড়ে যায় এসব চরাঞ্চলে। চরাঞ্চলের মানুষের যাতায়াতব্যবস্থা বরাবরই কষ্টদায়ক। শুধু বর্ষাকালে নয়, সারা বছর কম-বেশি ছোট-বড় এসব নৌকা চর এলাকার মানুষের নিত্যসঙ্গী।

বোরচর গ্রামের বাসিন্দা হাবিব বলেন, এবার অনেকেই নৌকা তৈরি করছে। বিভিন্ন হাটবাজার থেকে এক সিজনের জন্য ১২ থেকে ১৩ হাতের ছোট সাইজের নৌকা ৮ থেকে ১০ হাজার টাকায় বাজার থেকে কিনে আনছে অনেকেই। ছোট নৌকা মূলত বর্ষাকালে মাছ ধরা, কৃষিকাজ এবং এক বাড়ি থেকে আরেক বাড়ি যাতায়াতের জন্য বেশি ব্যবহার করা হয়। আর ৩০ থেকে ৪০ হাত একটা নৌকা তৈরি করতে ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত খরচ হয়। এটি শ্যালো ইঞ্জিন দ্বারা চালিয়ে ক্ষেত থেকে ফসলাদি আনা, দূর-দূরান্ত হাটবাজার থেকে মালামাল আনা-নেওয়া করা এবং মানুষজন পারাপারের জন্য বড় নৌকা বেশি ব্যবহার হয়ে থাকে।