হাসপাতালে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডের মধ্যে একটি আমগাছ থেকে হাসমত ফকির (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসমত ফকির নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে নরিনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডের মধ্যে একটি আমগাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় হাসমত ফকিরের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। মৃত হাসমত ফকিরের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনা জানার পর শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান ও শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ইন্সপেক্টর নাজমুল কাদের জানান, প্রাথমিকভাবে সুরতহাল করে মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা; অধিক তদন্তের জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।