সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা দরকার: খাদ্য প্রতিমন্ত্রী 

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, শুধু দিবসগুলোতে নয়, সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার। খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে আর্থিক স্বচ্ছলতা আনা সম্ভব। 

শনিবার (১৬ মে) বেলা ১১টায় জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুলবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এসব কথা বলেন।

তিনি বলেন, শিশুদের মোবাইলের স্ক্রিন থেকে বের করে নিয়ে আসতে পারলেই আমরা একটি সুস্থ্য সমাজ ব্যবস্থা পাব। মাদকের ছোবল থেকে রক্ষা করার জন্য শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সমাজকে সচেতন হতে হবে। বাচ্চারা যেন সন্ধ্যার পরে ঘরের বাহিরে না থাকে সেই ব্যবস্থা করতে হবে। বাবা মাকেও বন্ধুর মতো আচরণ করতে হবে।

জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জয়পুরহাট পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা। 

তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলার ১০টি বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মে।