কবে খুলতে পারে হরমুজ প্রণালি, জানালেন মার্কিন জ্বালানিমন্ত্রী

চলতি ২০২৬ সালের গ্রীষ্মের শেষ দিকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। 

শুক্রবার (১৫ মে) লুইসিয়ানা অঙ্গরাজ্যের ক্যামেরন শহরে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ক্রিস রাইট।

সাক্ষাৎকারে ক্রিস রাইট বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যে কিছু জটিলতা দেখা দিয়েছে। তবে তা সত্ত্বেও আমরা আশা করছি যে অল্প কিছু দিনের মধ্যেই উভয় দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এই গ্রীষ্মের শেষেই হরমুজ প্রণালি খুলে যাবে কিংবা আগের অবস্থায় আসবে।

পারস্য উপসাগর ও আরব সাগরকে যুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথগুলোর মধ্যে একটি। বিশ্বের মোট চাহিদার এক পঞ্চমাংশ জ্বালানি পণ্য এই পথ দিয়ে প্রবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর এই প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। ফলে জ্বালানির আন্তর্জাতিক বাজারে অস্থিরতা শুরু হয়।

ইরান সম্প্রতি ঘোষণা করেছে যে এখন থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে হলে বিদেশি জাহাজগুলোকে টোল দিতে হবে। তবে বিশ্বের অধিকাংশ দেশ তেহরানের এই ঘোষণায় আপত্তি জানিয়েছে।

সিএনবিসিকে ক্রিস রাইট বলেন, হরমুজ অবরুদ্ধ রাখার মাধ্যমে ইরান যদি বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে চায়, তাহলে এই প্রণালিকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র বল প্রয়োগ করতে পারে; তবে কাজটি সহজ নয়। এখানে কূটনীতিই সর্বোত্তম বিকল্প।

সূত্র : আনাদোলু এজেন্সি