কায়েস আজিজ একজন গীতিকার, সাংবাদিক ও সংগঠক। ইংল্যান্ডের বিখ্যাত অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে হিসাবরক্ষণ পেশায় নিয়োজিত রয়েছেন। যুক্তরাজ্যের সামাজিক সংগঠন ‘হৃদয়ের শ্রীমঙ্গল’র প্রধান নির্বাহী তিনি। কায়েস আজিজের প্রাণের শহর শ্রীমঙ্গলকে নিয়ে তারই সৃষ্টিশীল ভাবনায় ও কথায় মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও লন্ডন প্রবাসী সংগীতশিল্পী, বাংলাদেশের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী রুবায়েত জাহান। গানটির সুর সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা ক্যাশেফ।
এরই মধ্যে শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে গানটির মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘দেশের গানের প্রতি আমার একটা অন্যরকম ভালোলাগা রয়েছে। কায়েস আজিজ ভাইয়ের নিজের এলাকা নিয়ে এমন গান করার ভাবনাটা আমার কাছে ভীষণ ভালোলেগেছে। শ্রীমঙ্গলের সৌন্দর্য্য এবং শ্রীমঙ্গল যে সত্যিই রূপসী শ্রীমঙ্গল তা গানে গানে ফুটে উঠেছে। রাজা ক্যাশেফ কম্পোজার হিসেবে সত্যিই অসাধারণ। রুবায়েত এর আগেও আমার সঙ্গে গান গেয়েছে। এই গানটি আরও ভালো গেয়েছে।’
কায়েস আজিজ বলেন, ‘আসিফ আকবর ভাই আমার জন্মস্থান শ্রীমঙ্গলকে নিয়ে আমারই লেখা গান গেয়েছেন এটা আমার জন্য অনেক অনেক বড় প্রাপ্তি। শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে আসিফ ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। রাজা ক্যাশেফ ভাই গানটির কম্পোজিশন এত সুন্দর করেছেন, যারা গানটি একবার শুনবেন তাদের বারবার শুনতে ইচ্ছে হবে। ধন্যবাদ রুবায়েত আপাকেও গানটি নিজের মধ্যে ধারণ করে গাইবার জন্য। গানটি শিগগিরই ‘ধ্র্বু মিউজিক স্টেশন’-এ প্রকাশ পাবে।
উল্লেখ্য, কায়েস আজিজ ২০১৬ সাল থেকে আর্থিক বিষয়াদি ভিত্তিক নিউজ পোর্টাল ‘আনআরবি ফাইন্যান্স ডটকম’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে আসিফ আকবরের আর একটি একক গান কিছুদিনের মধ্যেই প্রকাশ হওয়ার কথা রয়েছে। যে গানের গীতিকার সুরকার তরুণ মুন্সী, সঙ্গীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ। এর আগে আসিফ আকবর’ ইউটিউব চ্যানেলে আসিফ ও রুবায়েতের ‘নিঃশ্বাসে বিশ্বাসে’ গানটি প্রকাশ পায়।