দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা শুটিং সেটে অ্যাকশন ও নাচের দৃশ্যধারণ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’ সূত্রে জানা গেছে, কোমরের মাঝামাঝি অংশের একটি পেশিতন্তু ছিঁড়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে টানা ছয় সপ্তাহের সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। পেশাদার ক্রীড়াবিদদের মতো অভিনেত্রীর শরীরে এমন তীব্র আঘাতের ঘটনায় চিকিৎসকরাও বিস্ময় প্রকাশ করেছেন।
এই দুর্ঘটনার কারণে তার নির্মাণাধীন ‘রাণাবলী’ ও ‘মাইসা’ ছবির কাজ আপাতত স্থগিত হতে যাচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে উদয়পুরে রাজকীয় বিয়ে এবং হায়দরাবাদে জমকালো সংবর্ধনার পর ‘রাণাবলী’র মাধ্যমেই প্রথমবার পর্দায় ফিরছিলেন এই জুটি।
এর আগে ‘সিকন্দার’ ছবির শুটিংয়েও পায়ে আঘাত পেয়েছিলেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
