নতুন চরিত্রে মৌ

প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিনেমা ‘সারার সংসার’। সিনেমাটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। আর এই ওয়েব ফিল্মেই নাম ভূমিকায় দেখা যাবে মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে। আসন্ন কোরবানির ঈদে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তি পাবে ওয়েব সিনেমাটি। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এর ফার্স্ট লুক পোস্টার। পোস্টার প্রকাশের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দেয় কর্র্তৃপক্ষ। গত বছরের জুলাইয়ে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও এর দৃশ্যধারণ শেষ হয়েছিল আরও আগে। তখন সিনেমাটির নাম ছিল ‘গহীন অতল’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সারার সংসার’। মূল উপন্যাস ‘আর্তনাদ’-এর পটভূমি ছিল সত্তরের দশক। তবে বর্তমান সময়ের সঙ্গে মিল রেখে ‘সারার সংসার’-এর গল্পকে আধুনিক প্রেক্ষাপটে সাজানো হয়েছে। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর।

সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘অনেক দিন পর এমন একটি চরিত্রে কাজ করলাম, যেখানে আবেগ, ভয়, মানসিক টানাপড়েন সব একসঙ্গে রয়েছে। সারা চরিত্রটি খুব চ্যালেঞ্জিং ছিল। গল্পটা পড়েই মনে হয়েছে, দর্শক নতুন ধরনের কিছু দেখতে পাবেন।’  ওয়েব সিনেমাটির গল্পে দেখা যাবে, মৌ অভিনীত সারা এক রাতে ঘটনাক্রমে মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলে। পরে মেয়ের সম্মান রক্ষায় পুরো ঘটনা গোপন করার চেষ্টা করে সে। লাশ সরিয়ে ফেললেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নিখোঁজ ব্যক্তিকে ঘিরে পুলিশ তদন্ত শুরু করলে পরিবার, অপরাধবোধ, আতঙ্ক ও রহস্যে গল্প এগিয়ে যায় টানটান উত্তেজনায়।