আব্দুল গাফফারের শোকবার্তা

‘মৃত্যুর পর খারাপ মন্তব্য মানবিকতাকেও ছোট করে’

লিজেন্ডারি ফুটবলার কায়সার হামিদের কন্যা কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আব্দুল গাফফার। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও কটু মন্তব্য ও সমালোচনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এক শোকবার্তায় আব্দুল গাফফার বলেন, ‘এই কঠিন সময়ে একজন বাবার হৃদয়ের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। দেশের একজন স্বনামধন্য জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবলার, ৮০-৯০ দশকের মোহামেডানের কায়সার হামিদ তাঁর মেয়ের মৃত্যুতে বাংলাদেশে ক্রীড়া পরিবার থেকে সমবেদনা জানাচ্ছি। আজ তাঁর পরিবারের এই শোক পুরো ক্রীড়াঙ্গনকে ব্যথিত করেছে। অনেকেই বিভিন্ন পুরনো বিষয় নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন। বিনীতভাবে সবার কাছে একটা অনুরোধ—দয়া করে এখন আর সেসব নিয়ে কটু কথা বা সমালোচনা না করি। মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলে তার জন্য দোয়া করাটাই সবচেয়ে উত্তম। উনি আজ আর আমাদের মাঝে নেই, তাই যদি কোনো ভুল থেকেও থাকে, সবাই মাফ করে দিন। মৃত্যুর পর একজন মানুষকে নিয়ে খারাপ মন্তব্য করলে শুধু পরিবারই কষ্ট পায় না, মানবিকতাও ছোট হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আসুন, সমালোচনা নয়—কারিনা কায়সারের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমীন।’