রাজধানীর বিমানবন্দর সড়কে সকাল থেকেই যানবাহন চলাচলে চরম বিশৃঙ্খলা ও তীব্র যানজট দেখা দিয়েছে। সপ্তাহের শুরুর দিকেই এমন পরিস্থিতিতে কর্মজীবী ও সাধারণ যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
রবিবার (২ আগস্ট) সকালে সরজমিনে দেখা যায়, কুড়িল বিশ্বরোড এলাকা থেকে শুরু হওয়া এই যানজটের রেশ ছড়িয়ে পড়েছে বনানী-কাকলী পর্যন্ত। অন্যদিকে মিরপুরমুখী সড়কের মাটিকাটায় নির্মিত ফ্লাইওভার পেরিয়ে যানজট পৌঁছে গেছে ইসিবি চত্বর এলাকা পর্যন্ত। সড়কে সুনির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলা না মানার কারণেই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।
কুড়িল বিশ্বরোড এলাকায় সরেজমিনে দেখা গেছে, সেখানে চলাচলকারী বাসগুলো যেখানে-সেখানে থামিয়ে বিশৃঙ্খলভাবে যাত্রী ওঠানো-নামানোর কাজ করছে। এর ওপর বিমানবন্দর সড়ক ধরে এগিয়ে যাওয়া এবং কুড়িল ফ্লাইওভারমুখী গাড়িগুলোর নির্দিষ্ট লেন না মেনে চলার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ফলশ্রুতিতে কুড়িল বিশ্বরোড থেকে বিমানবন্দরের দিকে কিংবা ফ্লাইওভারের ওপরে তুলনামূলক কম চাপ থাকলেও, তার পেছনের অংশে অর্থাৎ বনানী-কাকলী সড়ক এবং ইসিবি থেকে কুর্মিটোলা হাসপাতালমুখী মাটিকাটা ফ্লাইওভারে স্থায়ী জট লেগে গেছে।
সকালের ব্যস্ত সময়ে এমন অচলাবস্থায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। অফিসে পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। প্রতিদিনের এই ট্রাফিক বিশৃঙ্খলা নিরসনে স্থায়ী পদক্ষেপ এবং সড়কে সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।
