শনির আখড়ায় কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল শ্রমিকের

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৯:৪১ এএম

রাজধানীর শনির আখড়ায় কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয়ে সোলাইমান (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পেশায় তিনি স্টিলের আসবাবপত্র তৈরির কাজ করতেন।

শনিবার দিবাগত রাত ১টার দিকে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোলাইমানের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়, তার বাবার নাম আব্দুল মজিদ দেওয়ান।

নিহতের সুমন্দি (স্ত্রীর বড় ভাই) লিটন বেপারি জানান, সোলাইমান মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। শনিবার তার পাশের বাসার এক ভাড়াটিয়া স্ট্রোক করলে, সোলাইমানসহ ওই ব্যক্তির পরিবার সন্ধ্যায় তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসে। রোগীকে হাসপাতালে ভর্তি করার পর রাতে বাড়ি ফিরে যাচ্ছিলেন সোলাইমান। কিন্তু কিছুক্ষণ পর হাসপাতাল থেকে তাকে ফোনে জানানো হয় যে চিকিৎসাধীন রোগীটি মারা গেছেন।

এই খবর পেয়ে তিনি বাস থেকে নেমে একটি মোটরসাইকেলে চড়ে আবার মিটফোর্ড হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে শনির আখড়ায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।

ঘটনার বিস্তারিত জানিয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরণ ভুইয়া জানান, মধ্যরাতে রাইড শেয়ারিংয়ের একটি মোটরসাইকেলে করে সোলাইমান ঢাকার দিকে ঢুকছিলেন। শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলের পেছন থেকে সোলাইমান রাস্তায় পড়ে যান এবং পিছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি চালকসহ জব্দ করা হয়েছে। লাশটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত