চাহিদা বাড়ছে তটিনীর

ছোট পর্দার এই সময়ের ব্যস্ত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। যিনি নিজের সাবলীল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতি দিয়ে ইতিমধ্যেই দর্শকের হৃদয়ে গেঁথে নিয়েছেন আলাদা এক আসন। মাত্র ছয় বছরের ক্যারিয়ার তার। কিন্তু এই অল্প সময়েই দর্শকের পাশাপাশি নির্মাতামহলেও আস্থার জায়গা তৈরি করেছেন। ঈদের নাটকের ক্ষেত্রেও নির্মাতাদেরর প্রাথমিক ভাবনায় থাকেন তটিনী। যার দরুন গত কয়েক বছর ধরে এক ডজনেরও বেশি ঈদের নাটকে দেখা যাচ্ছে তাকে। এবারও একই পথে এগোচ্ছেন এই তরুণী। তটিনী জানান, একগুচ্ছ ঈদের নাটকের কাজ শেষ করেছেন তিনি। এর মধ্যে পার্থ শেখের বিপরীতে ‘অমর প্রেম’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। 

এর মাধ্যমে প্রথমবারের মতো তটিনী ও পার্থের পর্দার রসায়ন দেখতে পাবেন দর্শক। এটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকের গল্প আবর্তিত হয়েছে দুই তরুণ-তরুণীর প্রেম, গভীর আবেগ এবং সম্পর্কের পাওয়া-না পাওয়ার বিচিত্র সমীকরণকে কেন্দ্র করে। নির্মাতার মতে, গল্পের আবেদন এবং চিত্রনাট্যের প্রয়োজনে তটিনী ও পার্থকে এখানে একেবারেই ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে, যা রোমান্টিক ঘরানার দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নাটকটির ‘ফার্স্ট লুক’ বা প্রথম ঝলক প্রকাশ হওয়ার পর থেকেই এটি ব্যাপক আলোচনায় উঠে আসে। পরিচালক জাহিদুল ইসলাম সুজন তার ভেরিফায়েড ফেসবুক পেজে নাটকের একটি টিজার শেয়ার করে এই ঈদে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে আসার ঘোষণা দেন। আধুনিক প্রেমের গল্পের নান্দনিক উপস্থাপনাই এই নাটকের মূল আকর্ষণ হতে যাচ্ছে। তটিনী ও পার্থের এই নতুন রসায়ন শেষ পর্যন্ত দর্শক হৃদয়ে কতটুকু জায়গা করে নেয়, তা দেখার জন্য এখন ঈদের অপেক্ষা।

তটিনীর ক্যারিয়ারে এই নাটকটি একটি ভিন্ন মাত্রা যোগ করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সব মিলিয়ে ‘অমর প্রেম’ নাটকের মাধ্যমে নতুন এই জুটির পথচলা এবং তাদের পর্দার উপস্থিতি দর্শকদের ঈদ বিনোদনে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।