বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত

নীলফামারীতে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মাবিয়া আক্তার (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে সদর উপজেলার নীলফামারী-দেবীগঞ্জ সড়কের বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাবিয়া সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙা বাগানবাড়ি এলাকার আনিসুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী থেকে পঞ্চগড়গামী ‘আশিকি পরিবহন (ঢাকা মেট্রো জ-০৪-০২২৭)’ নামের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে যাত্রী মাবিয়া আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা বাসটি আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

নীলফামারী থানা পুলিশের ওসি জিল্লুর রহমান জানান, ঘাতক বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।