ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে নাগরিকদের ভূমিসেবার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সেবা সহজলভ্য করতে আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ১৯ মে সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও অঞ্চলের ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে মেলার উদ্বোধন করবেন। এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ।’
মেলায় বিভাগীয় সদর, জেলা সদর, সব উপজেলা ভূমি দপ্তর এবং ঢাকার ভূমি ভবনে নাগরিকদের জন্য বিভিন্ন ভূমিসেবা সরাসরি প্রদান করা হবে। এ ছাড়া তথ্য ও পরামর্শ পাওয়া যাবে।
মেলায় প্রদত্ত সেবাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ষধহফ.মড়া.নফ সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি এবং অনুমোদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে সহায়তা, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি এবং মৌজা ম্যাপ পাওয়ার আবেদন গ্রহণ এবং ভূমিসেবাসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের দ্রুত উত্তর প্রদান। ঢাকা ও ঢাকার বাইরে জেলা পর্যায়ে সব নাগরিকের মেলায় অংশগ্রহণ করে প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
খুলনা সংবাদদাতা জানান, ভূমিসেবা মেলা উপলক্ষে রবিবার খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার সিফাত মেহনাজ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ১৯ মে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালসংলগ্ন উপজেলা ভূমি কমপ্লেক্স প্রাঙ্গণে ভূমিসেবা মেলা শুরু হবে। মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কুইজ প্রতিযোগিতা, সেমিনারসহ নানা আয়োজন থাকবে।