স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গাইবান্ধা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পদে দায়িত্ব হস্তান্তর নিয়ে দেখা দিয়েছে জটিলতা। দেড় সপ্তাহ ধরে একই পদে দুই কর্মকর্তা অফিস করছেন। এতে কার্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট দপ্তরের সেবাগ্রহীতারা।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের নভেম্বর মাসে গাইবান্ধা এলজিইডি কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী পদে যোগদান করেন সাইফুল ইসলাম। সেই থেকে তিনি তার দায়িত্ব পালন করছেন। এদিকে গত ১৫ জুলাই আবদুল আজিজ নামের একজনকে গাইবান্ধা এলজিইডি কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী পদে যোগদানের আদেশ দেয় ঢাকা হেড অফিস। পরে সেই আদেশ নিয়ে আব্দুল আজিজ গত ২১ জুলাই গাইবান্ধা জেলা কার্যালয়ে নির্বাহী পদে যোগদান করেন। একই আদেশে আগের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে ঢাকা হেড অফিসে সংযুক্ত করা হয়। কিন্তু সাইফুল ইসলাম দেড় সপ্তাহ পার হলেও নতুন নির্বাহী প্রকৌশলীর কাছে দায়িত্ব হস্তান্তর করেননি। একই পদে দুই কর্মকর্তা অফিস করছেন। এতে কাজ করতে আসা দপ্তরের ঠিকাদার ও অন্য সেবাগ্রহীতারা বিভ্রান্তিতে পড়েছেন।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গাইবান্ধা জেলা এলজিইডি কার্যালয়ে গিয়ে দেখা যায়, দুই কর্মকর্তার অফিস করার দৃশ্য। নির্বাহী প্রকৌশলীর চেয়ারে সাইফুল ইসলাম বসে আছেন। আর আব্দুল আজিজ পাশের সোফায় বসে আছেন। তারা দুজনই নির্বাহী প্রকৌশলী দাবি করছেন। কার্যালয়ের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা আড্ডা দিচ্ছেন। কে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকবেন, তার হিসাব কষছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক ঠিকাদার বলেন, ‘সম্প্রতি আমি একটি রাস্তার কাজ শেষ করছি। এখন বিল জমা দেব। বড় স্যারের স্বাক্ষর লাগবে। কিন্তু গাইবান্ধা কার্যালয়ে দুজন ব্যক্তি নির্বাহী প্রকৌশলী দাবি করছেন। কার কাছে যাব তা বুঝতে পারছি না।’
