চট্টগ্রামে মাদক মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল রবিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় দেয়। দ-প্রাপ্ত মো. জাফর (৫৩), ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার কোনাপাড়া সালাউদ্দিন স্কুলের পাশে সোহাব আলী বাড়ীর মো. হাশেমের ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, জাফরকে যাবজ্জীবন কারাদ- দেওয়ার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার রেকর্ড থেকে জানা গেছে, ২০১৮ সালের ১২ মার্চ বিকেলে নগরের আকবর শাহ থানার পূর্ব ফিরোজশাহ কলোনি এলাকায় র্যাব-৭ অভিযান চালায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার তল্লাশি করে ১ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৭ এর তৎকালীন পুলিশ পরিদর্শক অমল চন্দ বাদী হয়ে নগরের আকবর শাহ থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।