তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার অন্যতম উপাদান গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার একটি স্বাধীন, দক্ষ ও শক্তিশালী কমিশন গঠন করতে যাচ্ছে। তিনি বলেন, ‘অতীতে গণমাধ্যমের ওপর সরকারের দৃষ্টিভঙ্গি ছিল কেবল নিয়ন্ত্রণের, কিন্তু বর্তমান সরকার নিয়ন্ত্রণের পরিবর্তে অংশীজনদের সঙ্গে নিয়ে একটি স্বাধীন আইনি কাঠামোর আওতায় গণমাধ্যমের সামগ্রিক শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
গতকাল রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত ‘টেলিভিশন সম্পাদক পরিষদ’- এর আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন শক্তিশালী হলে যেমন ভোটের স্বচ্ছতা নিশ্চিত হয় এবং রাষ্ট্র উপকৃত হয়, তেমনি একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠন করা হলে তার চূড়ান্ত সুফল পাবে জনগণ। মন্ত্রী বলেন, গণমাধ্যম জগতে সরকার নিজে যেমন একটি পক্ষ, তেমনি গণমাধ্যমের মালিক, সাংবাদিক ও সম্প্রচার কর্মীরাও অংশীদার। সরকারের দায়িত্ব হচ্ছে সব পক্ষের জন্য একটি ‘ফেয়ার গেম প্লে’ বা সমঅধিকারের পরিবেশ নিশ্চিত করা।