মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রী

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান।

মরহুমের জানাজায় দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা।

জানাজা শেষে সাবেক এই প্রতিমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর একে একে জাতীয় সংসদের স্পিকার, স্থানীয় সরকারমন্ত্রীসহ উপস্থিত অন্য নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে, গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিজানুর রহমান সিনহা। তার বয়স হয়েছিল ৮৩ বছর।