হত্যার পৃথক দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিনের রায় বহাল রয়েছে। আইভীকে দেওয়া জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে গতকাল রবিবার ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক। ফলে ওই দুই মামলাসহ ১২ ফৌজদারি মামলায় আইভীর জামিন বহাল রয়েছে। এমন পরিস্থিতিতে কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানান তার আইনজীবীরা।
এর আগে গত ৫ মে হত্যাসহ পাঁচ ফৌজদারি মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার পাঁচ মামলায় আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করে হাইকোর্টে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। গত ৩০ এপ্রিল হত্যার আরও দুই পৃথক মামলায় আইভীকে জামিনের আদেশ দেয় হাইকোর্ট। পরে এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ এপ্রিল আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার কিংবা হয়রানি না করার নির্দেশ দেয় হাইকোর্ট।
চেম্বার আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু দেশ রূপান্তরকে বলেন, ‘১২ মামলাতেই আইভী রহমানের জামিন বহাল রইল। অধিকন্তু তাকে যেন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার বা হয়রানি না করা হয়, এ মর্মে হাইকোর্ট যে আদেশটি দিয়েছিলেন সেটি চলমান থাকবে। ফলে তার কারামুক্তিতে কোনো বাধা নেই।’ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আইভী রহমানকে গত বছরের ৯ মে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি আছেন।