দুই বাংলাদেশির মৃত্যুদন্ড

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ এএম

সরকার সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন আবিয়াকে গতকাল রবিবার ডেকে তার কাছে সম্প্রতি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদ- কার্যকর করার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) ড. মো. নজরুল ইসলাম গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টি নিয়ে কথা বলেন। সৌদি আরবসহ পশ্চিম এশিয়ার কয়েকটি গণমাধ্যমে মক্কায় একটি মসজিদ চত্বরে অনৈতিক কাজের দায়ে বাংলাদেশের একজন পুরুষ ও একজন নারী নাগরিকের মৃত্যুদন্ড কার্যকর করার বিষয়ে গত বুধবার প্রতিবেদন প্রকাশিত হয়।

ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো বলেছে, এ বিষয়ে জানতে সৌদি রাষ্ট্রদুতকে ডাকা হয় এবং তাকে ওই ঘটনার বিষয়ে একটি কূটনৈতিকপত্রও দেওয়া হয়েছে। 

রাষ্ট্রদূতকে বলা হয়েছে, দুই বাংলাদেশির মৃত্যুদন্ড- কার্যকর হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ সরকার বিষয়টি জানতে পেরেছে। অথচ কূটনৈতিক রীতি-নীতি অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ বিষয়টি সে দেশে অবস্থিত বাংলাদেশ মিশনকে সাজা কার্যকর করার আগেই জানানোর সুযোগ ছিল। আইনি প্রক্রিয়ার বিষয়েও সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে আগে থেকে কিছুই জানায়নি। সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম কল্যাণ উইংয়ের বার্তা অনুযায়ী, ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে মক্কার একটি মসজিদের ভেতরে ব্যাভিচারে লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয়েছিল। এরপর সৌদি কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তার করে, বিচার সম্পন্ন করে, দন্ড দেয় এবং মৃত্যুদন্ড কার্যকর করে। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সৌদি কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ মিশন থেকে বিষয়টি জানতে চেয়ে ডিজিটালি একটি পত্র দেওয়া হয়।

কূটনৈতিকরা জানান, রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়ে আগে ডিজিটালি দেওয়া একটি ‘নোট ভারবালের’ (কূটনৈতিক পত্র) অনুলিপি হস্তান্তর করা হয়েছে।  

সৌদি প্রেস এজেন্সি গত বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদ- কার্যকর করার তথ্য নিশ্চিত করে। তারা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম শনিবার সাংবাদিকদের জানান, সৌদি কর্তৃপক্ষের জবাব পেলে দুই বাংলাদেশির মরদেহ কীভাবে দেশের আনা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত