সিইসির সঙ্গে সাক্ষাৎ জাতিসংঘ প্রতিনিধি দলের

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউএন উইমেনের সহকারী মহাসচিব ও উপনির্বাহী পরিচালক নিয়ারাদজাই গুম্বোনজভান্ডারের নেতৃত্ব পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ সাক্ষাৎ হয়।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন,  জাতিসংঘ প্রতিনিধি দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেছে এবং নির্বাচনে কীভাবে নারী প্রতিনিধিদের অংশগ্রহণ আরও বাড়ানো যায় এ বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছে। ইসি জানিয়েছে, সরাসরি নির্বাচিত হওয়া ছাড়াও সংরক্ষিত নারী আসনের ৫০ জন রয়েছেন, অর্থাৎ মোট ৫৭ জন নারী রয়েছেন। স্থানীয় নির্বাচনে এটা আরও বাড়বে। ভোটার তালিকাতে নারী-পুরুষের গ্যাপ তিন মিলিয়ন ছিল। এটা কমিয়ে ওয়ান পয়েন্ট এইট মিলিয়নে আনা হয়েছে এবং আরও কমানোর জন্য চেষ্টা চলছে। এ ছাড়া এবারের নির্বাচনে কোনো সহিংসতা হয়নি, কারও ভোট বাক্স ছিনতাই হয়নি বলে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেনÑ ইউএন উইমেন এশিয়ার আঞ্চলিক পরিচালক ক্রিস্টিন আরব, ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিং, ইউএন উইমেন বাংলাদেশের উপ-প্রতিনিধি নবনীতা সিনহা এবং ইউএন উইমেন বাংলাদেশের ইউনিট ম্যানেজার তাপতী সাহা।