হজে গিয়ে মারা গেছেন ১৬ বাংলাদেশি

চলতি বছর হজে গিয়ে ১৬ বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ গত ১৬ মে একজন মারা গেছেন। তাদের মক্কা ও মদিনায় দাফন করা হয়েছে। গতকাল পর্যন্ত ১৫৭টি হজ ফ্লাইটে মোট ৬০ হাজার ৯৯১ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন সৌদি আরবে। গতকাল রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

লোকমান হোসেন বলেন, এ বছর পবিত্র হজ পালনে সৌদিতে গিয়ে মারা গেছেন ১৬ বাংলাদেশি। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১২ জন এবং মদিনায় চারজন। সর্বশেষ গত শনিবার ঢাকার তেজগাঁওয়ের এন এম মনিরুল হক মক্কায় মারা গেছেন। প্রথম মৃত্যু হয় গত ২১ এপ্রিল। ওই দিন জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল মারা যান। ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম, ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক, ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান, ২৭ এপ্রিল শেরপুরের শ্রীবরদীর মো. আব্দুল্লাহ আল মামুন, জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই, ২৮ এপ্রিল রংপুরের কোতোয়ালি মেট্রোর মো. শামসুল আলম, ৩ মে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেলের মাহফুজা বেগম, ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস, ৪ মে ঠাকুরগাঁওয়ের হরিপুরের মোছা. নিলুফা বেগম, ১১ মে সাভারের নুসরাত শারমীন, ৮ মে যশোর কোতোয়ালির মো. আব্দুল মতিন, দিনাজপুর নবাবগঞ্জের মো. আজহারুল হক, ১২ মে গাজীপুর সদরের নাসরীন জাহান এবং ১৫ মে  মারা যান টাঙ্গাইল গোপালপুরের মো. এ মজিদ।