সৌদিতে ২৭ মে ঈদুল আজহা, বাংলাদেশে কবে জানা যাবে আজ

সৌদিতে গতকাল রবিবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। চাঁদ দেখা যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির রাজকীয় আদালত ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস (হজ) এবং ২৭ মে (বুধবার) সৌদিতে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে।

ইসলামিক চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্যাপিত হয় এবং এর আগের দিন (৯ জিলহজ) হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা যাওয়ার পরদিন বাংলাদেশে চাঁদ দেখা যায়। সেই অনুযায়ী ২৮ মে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

বাংলাদেশে কবে জানা যাবে আজ : ঈদুল আজহার তারিখ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। গতকাল ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিরতে এ তথ্য জানানো হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে বৈঠকটি হবে। সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। কমিটির সদস্যরা চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন।