এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা পিকআপে আরেক পিকআপের ধাক্কায় নিহত ২

ফরিদপুর জেলার ভাঙ্গা এক্সপ্রেসওয়ে আতাদি ফ্লাইওভারের ওপর পিকআপের ধাক্কার অন্য আরেকটি পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন। 

সোমবার (১৮ মে) ভোর ৪টা ২০ মিনিটের দিকে আতাদী ব্রিজের ওপর ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাছের ট্রাকের চালক মো. শামিম (৩০)। তার বাড়ি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামে এবং হেলপার অজ্ঞাত (২৮)। তারা দুজনই মাছের ট্রাকে চালক ও হেলপার।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, একটি পিকআপের চাকা ফেটে যাওয়ায় ঢাকামুখী লেনে বাম দিকে দাঁড় করিয়ে তা পরিবর্তন করা হচ্ছিল। এ সময় পেছন থেকে আরেকটি পিকআপ ওই পিকআপটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চলন্ত পিকআপের চালক ও সহকারীসহ দুইজন নিহত হন। খবর পেয়ে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুই পিকআপ ভাঙ্গা হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত দুজনই পুরুষ এবং তাদের বয়স ৩০ বছরের বেশি হবে। তাদের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছি আমরা।